'যার বিয়ে তার খবর নাই। পাড়া পড়শির ঘুম নাই।' সাইফ আলী খান ও কারিনা কাপুরের বিয়ে নিয়ে এ কথাটাই মনে হচ্ছিল বারবার। নিজেদের বিয়ে নিয়ে খুব সাদামাটা ধরনের কথা বলছিলেন বলিউডের এ দুই তারকা। কিন্তু তাঁদের বিয়ে তো এখন বলিউডের সবচেয়ে কাঙ্ক্ষিত বিয়ে। মানুষজনের আগ্রহের শেষ নেই। একজন এক খবর দিচ্ছেন, তো আরেকজন দিচ্ছেন অন্য খবর। সাইফিনার চেয়ে অন্যদের আগ্রহই বেশি দেখা গিয়েছে। কিন্তু এখন জানা গেল, ওপরে ওপরে নির্বিকার ভঙ্গি দেখালেও তলে তলে ঠিকই নিজেদের বিয়ে নিয়ে পরিকল্পনা সাজাচ্ছেন সাইফিনা। বিয়ের তারিখও ঠিক করে ফেলেছেন।
গোপন কথাটি রইল না গোপন সোহা আলী খানের সৌজন্যে। ভাইয়ের বিয়ের সম্ভাব্য তারিখটা ফাঁস করে দিলেন তিনিই। জানা গেছে, চলতি বছরের ৩০ মার্চ বা ১ এপ্রিলে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে ফেলতে পারেন সাইফ ও কারিনা।
এত তারিখ থাকতে মার্চের শেষ বা এপ্রিলের শুরুর দিনটাই বা কেন? সেটাও জানালেন সোহা। ২৩ মার্চ মুক্তি পাবে সাইফের প্রযোজনায় শ্রীরাম রাঘবনের 'এজেন্ট বিনোদ'। এ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সাইফ ও কারিনা। কাঙ্ক্ষিত এ সিনেমা মুক্তি পাওয়ার এক সপ্তাহ পরেই বিয়ের পরিকল্পনা তাঁদের। যখন পর্দায় দেখা যাচ্ছে তাঁদের দুজনকে, তেমন একটা সময়ে সত্যি সত্যিই তাঁরা একে অন্যের হবেন_এ রোমাঞ্চ অনুভবের জন্যই হয়তো সাইফিনার এ সিদ্ধান্ত।
সংবাদটি পড়া হয়েছে ১৩ বার



