গত বছরের মাঝামাঝি মোস্তাফিজুর রহমান মানিকের 'এমনো তো প্রেম হয়' এবং এম এম সরকারের 'পাগল মানুষ' ছবি দুটিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন শাবনূর। সে সময় ছবি দুটির শুটিং নিয়ে বেশ ব্যস্ত হয়ে উঠেছিলেন তিনি। সব কিছু ঠিকঠাক মতো চললে ডিসেম্বরেই ছবি দুটির শুটিং শেষ হয়ে যেত। কিন্তু হঠাৎ করেই সব কিছু ওলট-পালট হয়ে গেল। মাত্র তিন-চার দিনের মতো বাকি থাকা ছবি দুটির শুটিং এবার আর শেষ হয়েও হচ্ছে না! একদিকে প্রথম ছবির পরিচালক মানিক দুই মাস ধরে শাবনূরের বিপরীতে অভিনয় করানোর মতো একজন নায়ককেও খুঁজে পেলেন না, অন্যদিকে দ্বিতীয় ছবির পরিচালক এম এম সরকার ৩০ ডিসেম্বর আকস্মিকভাবে শুটিং করতে করতেই অসুস্থ হয়ে মারা গেলেন। কিন্তু মাঝখান দিয়ে যেন হতাশায় পড়লেন শাবনূরই। এখনো তিনি নিজেও জানেন না প্রথম ছবিটিতে কে তাঁর বিপরীতে অভিনয় করবেন, আবার এম এম সরকারের অবর্তমানে দ্বিতীয় ছবিটির পরিচালক হিসেবে কে দায়িত্ব নেবেন। এ বিষয়ে শাবনূরের সঙ্গে কথা হলে তিনি বলেন, 'আমার কাছ থেকে দুই প্রযোজকই বারবার সময় চেয়ে নিচ্ছেন। জানি না, কবে তাঁরা ছবি শেষ করবেন। অবশ্য এ মুহূর্তে হাতে সময় আছে বলে আমিও সেভাবে তোড়জোড় করছি না। তবে মাঝখানে যদি এ রকম বিরতি পড়ে তাহলে যে ছবির ধারাবাহিকতা নষ্ট হয়_এটা তাঁদের মাথায় রাখা উচিত।'
সংবাদটি পড়া হয়েছে ১৫ বার



