২০০৫ সালে দ্বিতীয় ঘর ভাঙার পর আবার বিয়ের নাম শোনা যায়নি হ্যালি বেরির মুখে। মাঝেমধ্যে কিছু সাক্ষাৎকারে অবশ্য নিজেই বলেছেন, আর কখনো ওমুখো হবেন না।
১৯৯২ সালে প্রথম ঘর বেঁধেছিলেন ডেভিড জাস্টিসের সঙ্গে। ১৯৯৭ সালে আলগা হয় সেই বাঁধন। এরপর ২০০১ সালে হলিউডের নামি এই অভিনেত্রী বিয়ে করেন এরিক বেনেটকে। ২০০৫ সালে ছাড়াছাড়ি হয়ে যায়।
এর পর গ্যাব্রিয়েল আব্রের সঙ্গে চুটিয়ে প্রেম করলেন ২০০৫ থেকে ২০১০ পর্যন্ত। দীর্ঘ পাঁচ বছরের প্রেম ভাঙে হ্যালির জীবনে অলিভার মার্টিনজের আগমনে। 'ডার্ক টাইড' ছবির সেটে পরিচয়সূত্রে পরিণয় অলিভারের সঙ্গে। এরপর তো দুটো বছর হেসেখেলেই কাটিয়ে দিলেন অস্কারজয়ী এই তারকা অভিনেত্রী। মাঝখানে কয়েকবার শোনা গিয়েছিল অলিভারকে বিয়ে করবেন। কিন্তু ৪৫ বছর বয়সী এ অভিনেত্রী সরাসরি জানিয়ে দিয়েছিলেন, আর বিয়ে নয়।
কিন্তু নববর্ষের অনুষ্ঠানে তাঁর অনামিকায় পান্না পাথর বসানো সোনার আংটি যে-ই নজরে এল সবার, অমনি ছড়িয়ে পড়েছে জল্পনা। অলিভারকে বিয়ে করে ফেলেছেন গোপনে। এমনটাই বলছে লোকে। হ্যালির নীরবতা জল্পনাটাকে আরো রহস্য করে তুলেছে। সত্যিই কি বিয়ে হয়ে গেল! না হলে হ্যালি মুখ খুলছেন না কেন?
সংবাদটি পড়া হয়েছে ১২ বার



