জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও মো. কামারুজ্জামানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগও (ফরমাল চার্জ) ফেরত দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অভিযোগ দুটি পুনর্বিন্যাস করে আগামী ১২ ও ১৬ জানুয়ারির মধ্যে রাষ্ট্রপক্ষকে পুনরায় দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে জামায়াতে ইসলামীর সাবেক আমির
গোলাম আযমের বিরুদ্ধে দাখিল করা অভিযোগ ফেরত দিয়েছিলেন ট্রাইব্যুনাল।
এদিকে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতের আরেক নেতা আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গতকাল বুধবার আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পাশাপাশি জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে দাখিল করা অভিযোগ পর্যবেক্ষণ শেষ না হওয়ায় আগামী ৯ জানুয়ারি আদেশের জন্য দিন ধার্য রাখা হয়েছে।
গতকাল শুনানি শেষে বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এসব আদেশ দেন।
আবদুল কাদের কাদের মোল্লার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা আনুষ্ঠানিক অভিযোগ গ্রহণ করে ট্রাইব্যুনাল বলেছেন, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর ৩(২) ধারা অনুযায়ী তাঁর বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের প্রাথমিক অভিযোগ আমলে নেওয়া হলো। পরে আগামী ২৯ জানুয়ারি চার্জ গঠনের ওপর শুনানির দিন ধার্য করা হয়। একই সঙ্গে আগামী রবিবারের মধ্যে এ-সংক্রান্ত মামলার যাবতীয় নথিপত্র আসামিপক্ষকে সরবরাহ করতে প্রসিকিউশনকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। ওই সময় আবদুল কাদের মোল্লা ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।
ট্রাইব্যুনাল বলেন, গোলাম আযমের বিরুদ্ধে দেওয়া অভিযোগ গ্রহণের ক্ষেত্রে যে আদেশ দেওয়া হয়েছিল, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও কামারুজ্জামানের ক্ষেত্রেও একই আদেশ দেওয়া হলো। তাঁদের বিরুদ্ধে ফরমাল চার্জ, তদন্ত প্রতিবেদন, সাক্ষীদের জবানবন্দি ও যাবতীয় তথ্যসামগ্রী ট্রাইব্যুনাল পর্যবেক্ষণ করেছেন। রাষ্ট্রপক্ষ থেকে দাখিল করা অভিযোগগুলো যথাযথভাবে শ্রেণীভুক্ত না করেই দাখিল করা হয়েছে। ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষকে মুজাহিদের বিরুদ্ধে ১২ জানুয়ারি এবং কামারুজ্জামানের বিরুদ্ধে ১৬ জানুয়ারি যথাযথ নিয়মে ও সুবিন্যস্তভাবে পুনরায় দাখিল করার নির্দেশ দেন। ওই সময় জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ ও কামারুজ্জামান ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন।
গত ১৮ ডিসেম্বর কাদের মোল্লার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে রাষ্ট্রপক্ষ। ৪০ পৃষ্ঠার ফরমাল চার্জে রাজধানীর মিরপুরে একটি স্থ্থানে ৩৪৪ জনকে হত্যার অভিযোগ আনা হয়েছে।
সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলছে : মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ চলছে। গতকালও রাষ্ট্রপক্ষের ষষ্ঠ সাক্ষী মানিক পশারীকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। আজ বৃহস্পতিবার সপ্তম সাক্ষীর সাক্ষ্য নেওয়া হবে।



