অর্থনৈতিক মন্দা হঠাৎ করেই যেন ভারতকে নতুনভাবে তুলে ধরল বিশ্ববাসীর কাছে। সারা পৃথিবীর শিল্পোন্নত দেশগুলো যখন বিশ্বমন্দায় ধুঁকছে, ভারত তখন হিমালয়ের মতো অবিচল। ভারতীয় বিলিয়নেয়াররা প্রতিনিয়তই হাতে নিচ্ছেন নতুন নতুন শিল্পোদ্যোগ। ফলে দেশটির অর্থনীতিও মন্দা কাটিয়ে তরতর করে এগিয়ে চলছে। ভারতের পুনর্জন্মের নেতৃত্ব দিচ্ছে যে ১০টি পরিবার, তাদের নিয়ে সম্প্রতি বিজনেসওয়ার্ল্ডে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেই তালিকাটি এখানে সংক্ষেপে তুলে ধরা হলো :
১. টাটা ট্রাস্টস
ভারতের শীর্ষস্থানীয় ধনীদের তালিকায় প্রথম স্থানে আছে রতন টাটার নেতৃত্বাধীন প্রতিষ্ঠান টাটা ট্রাস্টস। ২০১০ সালের মার্চ পর্যন্ত টাটার শেয়ারের দাম বেড়েছে ৬১.৫ শতাংশ। প্রতিষ্ঠানটির মূল ব্যবসা আইটি, স্টিল, অটোমোবাইল, পানীয়, হোটেল, খুচরা দোকানসহ ভোগ্যপণ্য উৎপাদন করা। এর বর্তমান সম্পদের পরিমাণ এক লাখ ৮৪ হাজার ২০৪ কোটি রুপি।
২. মুকেশ আম্বানি ও তাঁর পরিবার
মুকেশ আম্বানির নেতৃত্বাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও রিলায়েন্স ইন্ডাস্ট্রিয়াল কম্পানির শেয়ারের মূল্য ২০১০ সালের ৩১ মার্চ শেষে বেড়েছে মাত্র ৫ শতাংশ। কিন্তু একবার ভাবলেই দেখা যাবে, আম্বানি পরিবারের অপর সদস্য অনিল আম্বানির সঙ্গে তাঁর যদি ব্যবসায়িক শত্রুতা না থাকত, তবে এর পরিমাণ কত বাড়ত! তবে আশার বিষয় এই যে চলতি বছরের শেষ নাগাদ হয়তো দুই ভাইয়ের বিরোধ মিটতে যাচ্ছে। বর্তমানে মুকেশ আম্বানির নেতৃত্বাধীন রিলায়েন্স পরিবারের সম্পদের পরিমাণ এক লাখ ৫৭ হাজার ৮৭৬ কোটি রুপি। মূলত টেলিকম ও জ্বালানি ব্যবসায়ে শক্তিশালী এ প্রতিষ্ঠানটি আগামী বছর বিশাল মুনাফা ও প্রবৃদ্ধি অর্জন করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
৩. অনিল আগরওয়াল ও তাঁর পরিবার
ভারতে অনিল আগরওয়াল ও তাঁর পরিবারের অবস্থান শীর্ষস্থানীয় ধনীদের মধ্যে তৃতীয়। মূলত ধাতব ও খনি ব্যবসায়ের সঙ্গে জড়িত এ পরিবারের বর্তমান সম্পদের মূল্য ৯৫ হাজার ৪৯১ কোটি রুপি।
৪. আজিম প্রেমজি ও তাঁর পরিবার
বিখ্যাত তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান উইপরোর বেশির ভাগ শেয়ারের মালিক আজিম প্রেমজি ও তাঁর পরিবার। প্রেমজি একই সঙ্গে একজন ভালো ব্যবস্থাপকও বটে। উইপরোর শেয়ারের মূল্য প্রেমজি ও তাঁর পরিবারকে ভারতের চতুর্থ শীর্ষ ধনীতে পরিণত করেছে। বর্তমানে এ পরিবারের সম্পদের মূল্য ৮৩ হাজার ৫২ কোটি রুপি।
৫. অনিল আম্বানি ও তাঁর পরিবার
মুকেশ আম্বানির ছোট ভাই অনিল আম্বানির সম্পদের পরিমাণ চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত ৩৮ শতাংশ বেড়েছে। বর্তমানে তাঁর সম্পদের পরিমাণ ৮১ হাজার ১৪ কোটি রুপি। ফলে সম্পদের হিসাবে তিনিই এ মুহূর্তে ভারতের পঞ্চম শীর্ষ ধনী।
৬. সুনীল মিত্তাল ও তাঁর পরিবার
সুনীল মিত্তাল ও তাঁর পরিবারের জন্য গত বছরটি বেশ খারাপ গেছে। কিন্তু তার পরও ভারতীয় শীর্ষস্থানীয় ধনীদের তালিকায় তাদের অবস্থান এখন ষষ্ঠ। তবে বর্তমানে ভারতের থ্রি জি লাইসেন্স পাওয়ার পর আগামী বছরের মধ্যেই প্রতিষ্ঠানটি আগের গতিতে ফিরবে বলে ধারণা করা হচ্ছে। বর্তমানে এ পরিবারটির সম্পদের মূল্য ৮১ হাজার ১৪ কোটি রুপি।
৭. সাবিত্রী দেবী জিন্দাল ও তাঁর পরিবার
গত বছরে ভারতের শীর্ষ ধনী পরিবারগুলোর মধ্যে একাদশ স্থানে থাকলেও চলতি বছরের মার্চের মধ্যেই এ পরিবারটি তালিকার ৭ নম্বরে চলে এসেছে। এতে ভারতের প্রয়াত ও পি জিন্দালের স্ত্রী তাঁর প্রতিষ্ঠানটিকে যে ভালোভাবেই সামলে নিয়েছেন, তা সুস্পষ্ট। মূলত জ্বালানি ব্যবসায়ের সঙ্গে যুক্ত এ পরিবারটির বর্তমান সম্পদের মূল্য ৬৭ হাজার ৬৮৬ কোটি রুপি।
৮. গৌতম আদানি ও তাঁর পরিবার
গত এক বছরের মধ্যে আদানি পরিবারের সম্পদের মূল্য ১৫ হাজার ৪৪৮ কোটি ৬৯ লাখ থেকে বেড়ে ৬১ হাজার ২৯৯ কোটি দুই লাখ রুপি হয়েছে। ফলে ভারতের শীর্ষ ধনী পরিবারগুলোর তালিকায় আদানি পরিবার উঠে এসেছে ৮ নম্বরে। আদানি পরিবারেরও মূল ব্যবসা জ্বালানি।
৯. কে পি সিং ও তাঁর পরিবার
রিয়েল এস্টেট ব্যবসার টাইকুন হিসেবে পরিচিত সিং পরিবার গত বছর ভারতের শীর্ষ ধনী পরিবারগুলোর তালিকায় ষষ্ঠ স্থানে থাকলেও চলতি বছর নবম স্থানে নেমে এসেছে। এক বছরে পরিবারটির মালিকানায় থাকা ডিএলএফের আয় কমেছে ৩৩ শতাংশ। আর মুনাফা কমেছে সাড়ে ৫২ শতাংশ। বর্তমানে এ পরিবারের সম্পদের মূল্য ৪১ হাজার ২৩২ কোটি রুপি।
১০. কে এম বিরলা ও তাঁর পরিবার
চলতি বছরের মার্চের শেষে ভারতের আদিত্য বিরলা গ্রুপের সম্পদের মূল্য আগের বছরের তুলনায় বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। বর্তমানে এর সম্পদের মূল্য ৪০ হাজার ৩৮৮ কোটি রুপি, যা এ পরিবারটিকে ভারতের দশম শীর্ষ ধনী পরিবার হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

সংবাদটি পড়া হয়েছে ১৩ বার



